Friday, February 21, 2020

কলম কথা




কলম কথা
গত বছর কোনো একটা সেলিব্রেশন এর সময় একটা sheaffers  এর একটা ফাউন্টেন পেন পেয়েছিলাম। বলতে গেলে আজকাল কম্পিউটার , মোবাইল ফোন আমাদের কাগজ-কলম এ লেখার আনন্দ প্রায় করেই নিয়েছে , কালির কলম এর লেখার যে তৃপ্তি সে এক স্বর্গীয় ব্যাপার। তা যাই হোক Sheaffers পেন টা নিয়ে কিছু মিছু লেখার ইচ্ছা হল। কেমন লিখছে পেনটা দেখার জন্য হাতে নিলাম।  তার তো পোয়া বারো , অনেক দিন বাদে সে হাতের উষ্ণতা অনুভব করছে , তার তো  একেবারে আহ্লাদে আটখানা হাল।  মিটি মিটি হেসে সে বললে , " আমাকে এতদিন বাদে ছুঁয়েছ , আজ সহজে হাত ছাড়া হবো না। " , আর আমারও যে বেশ ভালো লাগছিলো সেটা বলাই বাহুল্য। কলম কাগজ নিয়ে লেখার অভ্যাসে বেশ ধুলো জমেছে , তবুও আমাদের মত কিছু মানুষ আছে যাদের হাতে কলম উঠলে কাগজ , কলম আর নিজের , সবারই জন্য সেটা আনন্দের ব্যাপার হয়।  কিন্তু এর পর তো আসল বিপদের সূচনা , হাতে কলম , টেবিলে কাগজ ,হাত আঙ্গুল আর কলম  মিলে কাগজের উপর আঁকিবুকি কেটে চলেছে , কিন্তু কি লিখব ভেবেই পাচ্ছি না। এ হেন্ বিপদের মাঝেও কিন্তু মন বেশ খুশি খুশি। গতকাল এসেছিলাম দিল্লি , অফিসের কাজে। আজ কাজ মিটে গেলো তাড়াতড়ি , চলে এলাম দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশন , অনেক আগেই , ট্রেন এর সময় হতে অনেক দেরি।  স্টেশন এর ওয়েটিং রুম , বেশ বড় আর খোলামেলা।  অনেক মানুষ বসে আছে , কয়েকজন নিদ্রা দেবীর আরাধনায় , দুটো বাচ্চা , ভাই বোন হয়তো , হল ঘরে দৌড়াচ্ছে। ঘরের কোনার দিকে একটা ফাঁকা চেয়ার পেয়ে গেলাম। সেখান থেকে ওয়েটিং রুম এর পুরো হলঘর দেখা যাচ্ছে , নানা রকম এর মানুষ , সেখানে বসে বেশ খানিক্ষন "মানুষ দেখা " সারলাম। কিন্তু সে আর কাঁহাতক করা যায় , কোনো সুন্দরীর চোখে চোখ পড়লেই অগ্নিবর্ষনের আশঙ্কা , কোনো বাচ্চার সাথে বন্ধুত্ব করতে গেলে তার মায়ের অপ্রকাশিত ভর্ৎসনা , তাই ভাবলাম মোবাইলে জমানো বই গুলো উল্টে পাল্টে পড়ি।  কোনো এক বন্ধু আমাকে বেশ কয়েকটা বাংলা বই এর পিডিএফ ফাইল দিয়েছিলো , এতদিন সেগুলো খুলে দেখা হয় নি।  স্ক্রল করতে করতে "ঠাকুমার ঝুলি" পেয়ে গেলাম। সে এক চূড়ান্ত আনন্দের অনুভূতি , এক লহমায় বয়েস আমার ৫০ বছর পিছিয়ে গেল , হুড়মুড় করে মনে পরে গেল  অনেক কথা , ফিরে গেলাম ফ্ল্যাশব্যাক এর গাড়ি করে। …. Garrad এর রেকর্ড চেঞ্জার এ দাদাভাই  "ঠাকুমার ঝুলি" এর LP চালিয়ে দিয়েছে , তখনকার যুগের স্টিরিও , গম গম করে বাজছে  বুদ্ধু ভুতুম এর গল্প  ,,,,, বেছে বেছে আবার পড়তে শুরু করলাম সেই গল্পটাই। এ রানী জন্ম দিয়েছে বানর ছানা , আর এক জনের গর্ভে জন্ম নিয়েছে এক  প্যাঁচা , আর আছে এদের পাঁচ সৎ ভাই , আর পাঁচজনের মত মানুষ। তারা রাজকুমার , তারা পক্ষীরাজ ঘোড়ায় চড়ে , আর বুদ্ধু ভুতুম এর ভালো করে খাওয়াই জোটে না। … এক টানা অনেক খানি পড়ে ফেললাম , " কুঁচবরণ কন্যা তার মেঘবরণ চুল ,,,. " । এমন সময় সিটি বাজিয়ে বাড়ি ফেরার ট্রেন ঝমঝমিয়ে প্ল্যাটফর্মে ঢুকলো , গল্প পড়া থামিয়ে নস্টালজিয়ায় ভাসমান হয়ে ট্রেনে উঠে পড়লাম । …..
আজ ব্লগ এ  পোস্ট করার জন্য কম্পিউটার ব্যবহার করতে হলেও আদপে লেখাটা খাতায় রয়ে গেছে। কলম এখনো আমার নিত্য সঙ্গী ( নাকি কোন তন্বী সঙ্গিনী) , ব্যাগের মধ্যে খাতাটাও থাকে , কলম এর ইচ্ছার সাথে আমার উদ্দীপনা মিলে গেলে , কিছু অনুভূতি লিপিবদ্ধ হয় ,, কলমের কাছে এটাই আমার পাওয়া। …




অভ্রজিৎ
২১শে ফেব্রূয়ারি ২০২০

2 comments:

  1. Onuvuti te bhag basate paari ? .. pen and it's human ...

    ReplyDelete
  2. খুব সুন্দর ছোট গল্পের মধ্যে উপস্হাপনা, এই "কলমের কথা" সত্যিই ত এই ট্রাঙ্গুলার প্রেম " কলম / খাতা আর উদ্দীপনা এই তিনটি সফল সংযোজনের ফলই ত এই রকম লেখা বেরিয়ে এসছে, আর কলমের প্রকৃত মূল্যায়ন বোধ ও হয়েছে, তবে এটাও সত্য উদ্দীপনা হল এ ক্ষেত্রে একটা বড় অনুঘটক , যা কলম দেখলেই এই উদ্দীপনা সৃষ্টি হয়ে যায় , যেটা কে আমরা বলতে পারি Conditional Reflect . খুব সুন্দর একটা ছোট গল্পের অনুরোরণ , চালিয়ে যা...…....... 👍

    ReplyDelete