গানের ছবি ২ - "এসো শ্যামল সুন্দর "
অনেক দিন পর শুনছিলাম ওই গানটা , "এসো শ্যামল সুন্দর,, " বহু শ্রুত রবীন্দ্রসঙ্গীত , সব শিল্পীরাই একবার করে রেকর্ড করেছেন মনে হয় এই গান । কিন্তু কথা সেটা না , এই গান এর সাথে আমার খুব ছোট বেলার নানা স্মৃতি জড়িয়ে। বলা যায় আত্মিক যোগাযোগ। সেই ছেলেবেলার কথা , তখন আমি মনে হয় নার্সারি স্কুলে। আমাদের বাড়ীতে একটা Garrad এর রেকর্ড চেঞ্জার ছিল , গান শোনার জন্য সবে তখন স্টিরিও সিস্টেম বাজারে এসেছে। সাউন্ড অফ মিউসিক এর ছবির গান RCA Victor কোম্পানীর LP রেকর্ড এ অরিজিনাল সাউন্ড ট্র্যাক , সে এক অসাধারণ উদ্দীপনার সময়। তবে তার সাথে সাথে "পুরোনো প্রযুক্তি " ও সমান ভাবে বর্তমান। আমার দাদাভাই এর সংগ্রহে অনেক ৭৮ RPM এর গালার গ্রামাফোন রেকর্ড ছিল , রেকর্ড এর এপিঠ ওপিঠ মিলিয়ে দুটো গান , অথবা একটা লম্বা গান থাকতো তাতে। এই রকম এর একটা রেকর্ড এ ছিল " এসো শ্যামল সুন্দর " , মহিলা কন্ঠে , কার গাওয়া মনে নেই, এই গানটা ছিল আমার খুব প্রিয়। খুব ছোট ছিলাম , তাই রেকর্ড চেঞ্জার চালানোর পারমিশন ছিল না , তাই বড়ো কারুর কাছে আবদার করতে হট , গান চালিয়ে দেবার জন্য। সে যাই হোক , এটা আসল কথা না , এই গানের সাথে একজন মানুষ কেমন ভাবে যেন জড়িয়ে গিয়েছিলেন, আর তিনি এখনো একই ভাবে ওই জায়গায় রয়ে গেছেন। এই গানটা যখনি শুনি ওনাকে দেখতে পাই , তিনি হলেন কণিকা মিস , আমার পড়াশুনার শুরু চুঁচুড়ার পঞ্চানন তলার "চারুবাবুর স্কুল" এ , সবাই ওই নামেই জানত কণিকা মিস ওই স্কুলে নার্সরী ক্লাসে আমাদের সামলাতেন। স্কুল মানে তো মজার জায়গা , একটু একটু লেখাপড়া , আর বাকিটা ছিল ভরপুর আনন্দ। ওই স্কুলে রোজ টিফিন এর পর নিয়ম করে ঘুমের ক্লাস হতো , শুধু নার্সারি ছাত্র ছাত্রীদের জন্য ছিল এই ব্যবস্থা। কণিকা মিস আমাদের নিয়ে যেতেন একটা বড়ো ক্লাস ঘরে , সেখানে ছোট ছোট ডেস্ক ছিল , আর ছিল অনেক সুন্দর সুন্দর ছবির বই , আর ঘরের একপাশে ছিল একটা অর্গান। ওটা আমার কাছে খুব লোভনীয় ব্যাপার ছিল। কণিকা মিস আমাদের ঘুম পাড়াতেন , আরতি মিস খুব ভালো অর্গান বাজাতেন , আজ থেকে ৫০ ৬০ বছর আগে সব বাড়িতে পিয়ানো বা অর্গান বাজানোর চল ছিল , বিশেষ করে যারা রবীন্দ্র অনুরাগী ছিলেন তাদের কাছে এটা শিক্ষার অঙ্গ ছিল। আমি , রাহুল , অভিজিৎ , ইন্দ্র সবাই অবাক হয়ে অর্গান এর সাথে কণিকা মিস এর গান শুনতাম , আর গান শুনতে শুনতে ডেস্ক এ মাথা রেখে নিজের অজান্তে ঘুমিয়ে পড়তাম। কেমন একটা স্বপ্নের জগৎ ছিল। কণিকা মিস কি গান গাইতেন একটুও মনে নেই , কিন্তু " এসো শ্যামল সুন্দর " শুনলে কেন জানি না ওনার মুখটাই সব চেয়ে আগে মনে আসে, এখনো আমার মনে এই গানের সম্পূর্ণ ছবি উনি, এর কারণ বিশ্লেষণ করার ক্ষমতা আমার নেই , জ্ঞান ও নেই। ষাট এর দশক এর মাপকাঠিতে ( এই ম্যাককাঠির সংজ্ঞা এখন বুঝি , তখন ছিল শুধুই ভাললাগা) উনি তেমন সুন্দরী ছিলেন না। শ্যামলা ছিল তার গায়ের রঙ , সাধারণ features , কিন্তু উনি আমার কাছে ছিলেন ওই গানের প্রতিচ্ছবি, বলা যায় " গানের পার্সোনিফিকেশন"; রবি ঠাকুর লিখেছিলেন বর্ষার গান হিসাবে , আর সেটা হয়ে গেল আমার জীবনের এক অমূল্য সম্পদ। এই গানের প্রথম কলি কানে এলেই , আমার মন চলে যায় সেই সেছেলেবেলার দিন গুলোয় , কণিকা মিস এর অবাক করা স্নেহা মাখা গলার গান শুনতে পাই। এ এক ভীষণ জ্বালা , এই মানুষ গুলো বসবাস করে আমাদের মনের কোনো এ কনের ঘরে। কে জানে , হয়তো এ এক ভালোবাসা , এ হয়তো প্রেম এর কোন এক রূপ , আমি জানি না , শুধু এটা জানি এই গানটার ছবি আমার কাছে এখনো সেই কণিকা মিস ; সে কোন আকাশের শ্যামল সুন্দর মেঘ , নাকি এক পশলা তপ হরা বৃষ্টি - আমি জানি না - আজীবন অজানাই থাকল নাহয় , অবুঝ মনের ঠিকানায় থাকেনা স্মৃতি হয়ে ,, ক্ষতি কি !!!....
- অভ্র
No comments:
Post a Comment