Tuesday, August 1, 2017

গানের ছবি - ১

  ... এটা খুব সত্যি যে সব গানের একটা ছবি থাকে , একটা গন্ধ থাকে , আর এই ছবিগুলো আর গন্ধগুলো একদম নিজস্ব , নিজের অনুভূতি । তাই প্রতিটা সাধারণ মানুষের মত আমারও সেরকম কিছু গন্ধ, কিছু ছবি , কিছু অনুভূতি , মনের মধ্যে খুব সযত্নে রেখে দিয়েছি , শুধু রেখে দিয়েছি বললে ভুল হবে , সযত্নে লালন পালন করেছি বলা উচিত। কোন গান শুনে তোমার মনে হল যে এক ভীষণ উত্তাল এক সমুদ্র , আমার মনে হতেই পারে এ যেন এক মুক্তকেশী নারী। এই রকম সব ব্যাপার স্যাপার নিয়ে সেদিং কথা হচ্ছিল । হুড়মুড় করে একরাশ স্মৃতি তারা করে এলো । সে নস্টালজিয়াই হোক বা জিয়া নস্টালই হোক , মনকে কি আর বেঁধে রাখা যায় , সে ফিরে চলল ১৯৬৬ এর জানুয়ারি মাস । কি নাম স্কুল এর , কেউ খেয়াল রাখে নি , সবাই পঞ্চানন তলায় চারু বাবুর নার্সারি স্কুল বলেই জানত, সেই স্কুলে মা নিয়ে গিয়ে আমায় ভরতি করে দিল । আমার তখন বয়েস তিন, জীবনের প্রথম স্কুল , সবারই তো এমন টাই হয় , এ আর নতুন কি !! কিন্তু না , আমার ক্ষেত্রে গল্পটা অন্য রকম হবার ছিল , প্রথম দিন স্কুল , সেই ছবিটার সাথে মিশে গেল একটা গান ... "খর বায়ু বয় বেগে ...।" অর্গান বাজিয়ে গান শোনালেন আরতি মিস , assembly room , তার এক পাশে মেহগিনি রং এর পুরনো প্যাডেল অর্গান । সারা জীবনের মত ওই ছবি ছাপা হয়ে গিয়েছিল সেদিন ...

 পরবর্তী কালে বড় হলাম , ইঞ্জিনিয়ারিং পাস করলাম , চাকরি হল , বিবাহিত জীবন এ প্রবেশ করলাম , আরতি মিস খোঁজ নেবার অনেক চেষ্টা করেছি , পাই নি ... পরে জেনেছিলাম উনি মানাসিক ভারসাম্য হারিয়েছিলেন , এখন জানিনা উনি বেঁচে আছেন কিনা , বেঁচে থাকলেও হয়ত অনেক বয়েস হয়ে গেছে ... কিন্তু   আজও যখন শুনি ওই গান টা , আমার চোখের সামনে সেই ছবিটা ভেসে ওঠে ... আরতি মিস আর পুরনো অর্গান এর ঝলমলে আওয়াজ ... আর রবি ঠাকুর এর  গান "খর বায়ু বয় বেগে ...।" আমরা কেউ আসলে বড় হতে চাই না ... 

1 comment:

  1. Gaaner rong er kotha bolle na to! Boro hoye ke kobe boro hoyechhe?

    ReplyDelete