Saturday, September 23, 2017

নেশা মুখের দল , , সেদিন

মানুষ চেনার পালা , মানুষ জানার পালা বোধহয় নতুন করে আবার শুরু হল । চারপাশে কত মুখ , মেঘের মত ভেসে ভেসে আসে, আছড়ে পড়ে মুখের উপর , মুখ মেঘের ঝাপটায় ভিজে যায় আমার মুখ , আমার মন । আজকাল দেখছি এক নতুন নেশা পেয়ে বসেছে । না না পেয়ে বসেছে বললে কম বলা হবে , আসলে প্রায়শঃই  লক্ষ্য করছি যে সময়ে অসময়ে সেই নেশায় কেমন যেন বুঁদ হয়ে থাকছি। কোন কারণ নেই , অকারণেই সেই মুখগুলোর সাথে কথা বলা শুরু হয়ে যাচ্ছে । বেশীর ভাগই অচেনা মুখ তারা …।

জানলার অপারের মাঠে কদিন ধরেই ভীষণ রোদ্দুর , তাই মাঠের আকাশে ভেসে থাকা মুখ গুলোর বেশ নাজেহাল অবস্থা। এই রকম এক গ্রীষ্মের সকালে ঘুম ভাঙল ওই নাজেহাল মুখ গুলোর সাথে, , অচেনা অজানা , অনামিকা মুখের দল। ওদের চোখের তারায় ওদের মন উপচে পড়ছিল , কিন্তু সে ভাষা বোঝার ক্ষমতা আমার ছিল না । পড়ে পড়ে খানিক মার ও খেলাম ; নেশাতুর মানুষের আর কি কন উপায় হয় …

গায়ের চাদরটা টেনে নিয়ে আবার ডুবে যেতে থাকলাম অতলান্ত সমুদ্রে, ঘন  নীল সে গভীরে । ডুবে যেতে যেতে শুনলাম একটা মুখ দুর থেকে উচ্চ স্বরে  বলছে  “ ভাল করে ডুবতে পারলে অনেক খানি নেশা গায়ে মাখা যায় … ডুবে যাও ডুবে যাও … আর ডুবে যাও  । “ আমি ডুবছি , আমি ডুবে যাচ্ছি , সাথে সাথে নামছে শত সহস্র ভাসমান মুখ ………


মিলের ভোঁ বেজে উঠতে আমার চটকা ভেঙে গেল । সমুদ্র নেই , গভীর নেই , আকাশ নেই , মাঠ নেই , রোদ্দুর নেই… ওই আকাশহীন দিগন্তে দেখলাম মুখের দল ভেসে চলে গেল অন্য আকাশে …।।


- অভ্র 
সেপ্টেম্বর ২০১৭